লিখেছেনঃ মুনমুন আজাদ , আপডেটঃ January 19, 2026, 12:00 AM, Hits: 255
ভুল মানুষ — মুনমুন আজাদ
আমি ভুলের উপর দাঁড়িয়ে
থাকা এক ভুল মানুষ।
ঠিক যেন ইটের গাঁথুনির দেয়াল
যেখানে আঁচড় পড়ে নি রঙের।
কিছু ভুল ভুল সত্যিকে বিশ্বাস করি
বৃষ্টিহীন প্রতিশ্রুতির নিথর মরুভূমির মতো।
প্রতিদিন একটু একটু করে
মরে যাই ভেতরে ভেতরে,
অগণিত ভুল কথা, ভুল কান্না
আর অবাস্তব ভুল স্বপ্ন নিয়ে।
তবুও মনের ভুল কোণে ভুল করে
জেগে থাকে একটুকরো ভুল তারা।
৩১ অক্টোবর ২০২৫
ক্লান্তিহীন পথ চলা — মুনমুন আজাদ
যেসব দিনগুলোতে এক আকাশ
গল্প লিখে ফেলা যায়,
একলা নদীর বেনোজলে
জাগানো যায় তরঙ্গের খেলা।
নিয়মের বাঁধন থেকে বেরিয়ে
অগোছালো মনে সবুজ হওয়া যায়,
স্নিগ্ধ হাওয়ায় কারও কাছে রেখে
আসা যায় বকুল ফুলের সুবাস।
এমন এক কাব্য ডানায় ভর করে
বলাকারা উড়ে যায় অজানায়।
বুকের ভেতর মস্ত জগৎ সংগোপনে
রেখে দূরপাল্লার ট্রেনের মতো
আমিও চলি ক্লান্তিহীন।
ইচ্ছে করে,
দরজায় কড়া নেড়ে কেউ বলুক -
" অবনী বাড়ি আছো ? "
৯.৬. ২০২৫
শোন মেয়ে — মুনমুন আজাদ
শোন মেয়ে,
তুমি এক গভীরভাবে অচেনা মানুষ
এই শতাব্দীর আকাশের নীচে।
একাকীত্বের অসুখে প্রতিদিন
একা একা মরে যেতে হয় তোমাকে।
তোমার মনের অচেনা অলিগলিতে
গুমরে উঠে এক নিঃশব্দ দীর্ঘশ্বাস।
শিশির ছুঁয়ে হাঁটতে ভুলেছো
সেই কবেই।
ভালোবাসার রোদ্দুর লুটোপুটি করা
সেই মন আর নেই।
প্রেমে অপ্রেমে তুমিও কখনো কাউকে
ধারণ করো মনের ভেতর।
কতো মানুষ, কতো বিশ্বাস হারিয়ে
ফেলেছো অনায়াসে। পৃথিবীতে
যে যার মতো ফিরে যায়, কেউ কারও
জন্যে অপেক্ষা করে না।
তবু বলি মেয়ে, শোন-
তোমার দুর্গত মনে ত্রাণের তরী
আর ভিড়তে দিও না কখনও।
১১ মে ২০২৫
নামহীন আমি — মুনমুন আজাদ
নিজেকে হারিয়ে বসে আছি
কোন এক সময়ের মহাসমুদ্রে।
এই সময়ের অতলেই আমার বাস
তবু্ও কোথাও আমি নেই ।
নিজেকে দেখি না বহুদিন,
আমি আমাকে খুঁজে ফিরি ভীষণ
সেই আগের আমিটাকে।
আমার হাসি, আমার ঔজ্জ্বল্য,
আমার উচ্ছ্বসিত প্রাণের স্পন্দন,
অভিমান, আরও কতো কি.....
এখন মনের ভেতর খুব যত্নে
" মন কেমন করাও " পুষে রাখি।
আমি শুধুই এখন নামহীন অবসন্ন
শূন্যতায় গড়া এক উপমা।
৭ অক্টোবর ২০২৫
অভিনয় — মুনমুন আজাদ
মানুষ আসলে ভালো থাকে
ভালো থাকার কঠিন অভিনয়ে।
খুব গোপনে গোটা জীবন
চুপি চুপি কষ্ট পায়।
সে কষ্টে চিৎকার থাকে না,
জলে খোলামকুচি ছোঁড়ার মতো
ছলাৎ ছলাৎ শব্দ থাকে না।
চুপচাপ অথচ ঝড়ের চেয়েও
বেশি শব্দ তোলে বুকের ভেতর।
৮ নভেম্বর ২০২৫
জলকাব্য — মুনমুন আজাদ
বিমূর্ত স্বপ্নীল পৃথিবীতে
কারো অনুভূতিই কাউকে
স্পর্শ করে না।
পারে না কারো মনকে ছুঁয়ে দিতে।
যে যার কষ্টের অশ্রুজলে প্লাবিত।
কারও জলকাব্য পড়ার
দায়বদ্ধতা নেই এখানে।
যে যতোটুকু পড়তে শিখে যায়
বাকিটুকু সে বুঝে নেয়।
১২ অক্টোবর ২০২৫